আজকাল যখন কেনাকাটা ঘরে বসেই সেরে ফেলা যায়, তখন দীর্ঘ সময় নিয়ে দোকানে যেতে কে চায়? অনলাইনে শত শত নির্ভরযোগ্য মাধ্যম রয়েছে। যেখানে ফরমাশ দিলেই কুরিয়ারের মাধ্যমে ঘরে পণ্য চলে আসে। কর্মব্যস্ত মানুষের জন্য এই পদ্ধতিটা সময় বাঁচায় ঠিক, তবে সব সময় ঘরে না থাকার কারণে কুরিয়ারে আসা পণ্য গ্রহণ করতে অনেকেই ব্যর্থ হন। তাই কেউ বাড়িতে না থাকলেও কুরিয়ারে আসা পণ্য গ্রহণ করতে নতুন সেবা চালু করছে অ্যামাজন। প্রতিষ্ঠানটি শিগগিরই এ সেবার উন্মোচন করবে।
‘অ্যামাজন কি’ নামের এই সেবা ব্যবহারকারীরা বাড়ির দরজায় প্রতিষ্ঠানটির স্মার্টলক ও ক্লাউডভিত্তিক আইপি ক্যামেরা ব্যবহার করে এ সেবা গ্রহণ করতে পারবেন। ব্যবহারকারীর দরজায় কুরিয়ার সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের কর্মী এলে ক্যামেরাটি পণ্যের বারকোড স্ক্যান করে তার সত্যতা যাচাই করবে। ব্যবহারকারী আসলেই সেটির ফরমাশ করেছিলেন কি না। আর সেটি নিশ্চিত হলেই অ্যামাজনের নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে পণ্য বহনকারী দরজা খুলতে সক্ষম হবে। আর এ সময়ের সব দৃশ্যই ক্যামেরায় ধারণ হবে। সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি ব্যবহারকারীকেও জানিয়ে দেওয়া হবে। ব্যবহারকারী চাইলে সরাসরি বা ধারণ করা ভিডিও দেখতে পারবেন। অ্যামাজনের নতুন এই সেবা শুধু কুরিয়ার বহনকারী ছাড়াও একই পদ্ধতিতে বাড়ির পরিচারিকা, পোষা প্রাণী বহনকারী অথবা অতিথিদেরও বাড়িতে প্রবেশের সুযোগ করে দেবে। অ্যামাজনের স্মার্টলক ছাড়াও ইয়েল ও কুইকসেটের মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের স্মার্টলকেও এ সেবা পাওয়া যাবে।
অ্যামাজন দীর্ঘদিন ধরেই কুরিয়ার সেবা আরও সহজলভ্য করে তুলতে কাজ করছে। এ ছাড়া গত মাসে ইন্টারনেটে সংযুক্ত বাড়িঘরের নিরাপত্তা পর্যবেক্ষণভিত্তিক বেশ কয়েকটি পণ্যও বাজারে ছাড়ে অ্যামাজন। তবে ব্যবহারকারীর অনুপস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে দেওয়ার বিষয়টি গ্রাহকেরা নিরাপত্তার প্রশ্নে সহজে গ্রহণ করবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। প্রযুক্তি ও বাজার বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড অ্যামাজনের নতুন এই সেবা প্রসঙ্গে প্রতিষ্ঠানটিকে অপ্রতিরোধ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, অ্যামাজন বাড়িঘরের প্রায় প্রতিটি দিকেই নিজেদের সেবা দেওয়ার এক অপ্রতিরোধ্য লক্ষ্যে কাজ করছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের ২৭টি শহরে অ্যামাজন কি সেবা পাওয়া যাবে। শুধু ক্যামেরাটির দাম পড়বে ১২০ মার্কিন ডলার। আর স্মার্টলকসহ ক্যামেরা প্রায় ২৫০ মার্কিন ডলারে পাওয়া যাবে।
সূত্র: বিবিসি