Tuesday, August 25

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পুকুরে, নিহত ২

0

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপগ্রাম-কালীতলা সড়কের খোকসা আমবাড়িয়া ইউনিয়নের গোসাডাঙ্গী গ্রামের মধ্যে জব্বারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসান (১৮) কুমারখালী উপজেলার মাছগ্রামের কেয়াম উদ্দিনের ছেলে এবং জিয়া (৪৫) একই এলাকার সামু শেখের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাতে মোটরসাইকেলে তিনজন পাংশা উপজেলার বাহাদুরপুরে গার্ষির মেলা দেখতে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে খোকসার গোসাডাঙ্গী গ্রামের মধ্যে জব্বারের মোড়ে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পুকুর থেকে মোটরসাইকেলের চালক জিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা হাসানকেও মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ঘটনায় আহত অপর যাত্রী শফিকুলকে (৩০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোকসা থানার এসআই রহমান জানান, রাতেই নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মঙ্গলবার সকালে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা উদ্যোগ নেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.