Thursday, September 3

কুষ্টিয়ায় স্মৃতিস্তম্ভে ফুল দিতে এসে বিএনপির ১১ নেতাকর্মী আটক

0

কুষ্টিয়ায় শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমিসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনও রয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টায় র‌্যালি করে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে যান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বক্তব্য রাখছিলেন। এসময় পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল থেকে জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১১জনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়।
তবে এ বিষয়ে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করলেও কি কারণে তাদেরকে আটক করেছে তা নিশ্চিত করেনি। বর্তমানে আটককৃতরা কুষ্টিয়া মডেল থানায় রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিল করে আসে। মিছিলে খালেদা জিয়ার মুক্তির দাবি ও অবৈধ সরকার মানি না মানবো না বলে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে জেলা প্রশাসকের দ্বিতীয় গেটে রিকশা ভাংচুর করছিল। এসময় পুলিশ ঠেকাতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে দুজন পুলিশ সদস্য আহত হন। এসময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশকে মারধর করার অভিযোগে মামলা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.