Saturday, August 22

কুড়িগ্রামে দুবাই ফেরত একজন হোম কোয়ারেন্টাইনে

0

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে করোনাভাইরাস সতর্কতায় একজন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৮ মার্চ দুবাই থেকে কুড়িগ্রামে আসলে তাকে এ পরামর্শ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নজরুল ইসলাম।

ডা. মো: নজরুল ইসলাম জানান, কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। এ তথ্য জানার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। ওই ব্যক্তির ওপর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।

ডা. মো: নজরুল ইসলাম আরও বলেন, ‘দুবাই ফেরত ওই বাংলাদেশি এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তারপরও সতর্কতা হিসেবে আমরা তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি।’

কুড়িগ্রামের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চীন ফেরত দুই বাসিন্দাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তবে তাদের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া না যাওয়ায় গত ২০ ফেব্রুয়ারি তাদের কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়।

কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা পুরো জেলায় নজরদারি রাখছি। বিদেশ ফেরত কারও খোঁজ পেলে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে নজরদারি রাখা হচ্ছে। এছাড়াও সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় আমরা প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.