কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। জেলার বিভিন্ন স্থানে পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে সংকটময় করে তুলেছে। আজ সোমবার সকাল ৬টায় সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ১৩৪ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ধরলা নদীর পানি রোববার সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৬৩ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে ব্রহ্মপূত্র নদের পানি বিপদসীমার ৭সে.মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার মাত্র ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম বন্যা কবলিত এলাকায় রয়েছে।
হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে নয়টি উপজেলার অর্ধশত ইউনিয়নের প্রায় দুই লক্ষাধিক মানুষ।
কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ তৎপরতা সচল রাখতে সব ধরণের উদ্যোগ নেওয়াসহ সরকারি-বেসরকারি সকল বিভাগকে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, বিজিবি ও আনসারকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি বিশেষ টিম বাঁধ সংস্কারের কর্ম-পরিকল্পনা ও সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কাজ শুরু করেছে।
জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান আরও জানিয়েছেন, বন্যা মোকাবেলায় আমাদের কাছে মজুদ আছে ৩শ মে.টন চাল ৬লক্ষ টাকা। খুব তাড়াতাড়ি বন্যা কবলিত মানুষের কাছে বরাদ্দ দেয়া হবে। ঢাকায় ত্রাণ অধিদপ্তরে কথা হয়েছে পর্যায়ক্রমে চাহিদা মাফিক ত্রাণ সহায়তা আসবে।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ জানান, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা মিলে জেলায় ১৬৭টি প্রতিষ্ঠানে বন্যার পানি ওঠায় পাঠদান বন্ধ হয়ে গেছে। কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, জেলায় ৮৭টি মেডিকেল টিম কাজ করছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় ১৭ জন আক্রান্ত হয়েছে।
বন্যার পানিতে প্লাবিত হওয়ায় ৮৩টি কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
বন্যার পানি বিপদসীমার উপরদিয়ে প্রবাহিত হওয়ায় ভেসে গেছে মৎস ঘের ও পুকুরের লাখ লাখ টাকার মাছ। তীব্র স্রোতে ভেসে গেছে হাঁস-মুরগীসহ জাগদেয়া পাট। বন্যায় ডুবে আছে কয়েক’শ একর জমির ফসল।