আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যাপরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে পড়া অসহায় মানুষদের দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার কুড়িগ্রামে আসছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, রাজারহাট উপজেলার পাঙ্গা রাণী লক্ষী প্রিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন রোববার বিকালে। বিস্তারিত সরকারি সফর সূচি এখনও পাওয়া যায়নি।
জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জেলার ৯২৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসা নিমজ্জিত হওয়ায়র পাঠদান বন্ধ রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৭ হাজার হেক্টর জমির আমন ক্ষেতসহ ৫০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে।
কুড়িগ্রাম পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ফেরীঘাট পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ৫১ সে.মি এবং চিলমারী পয়েন্টে ব্রক্ষপুত্র নদের পানি বিপদসীমার ৬১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।