সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ।শুক্রবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে তাকে শহীদ মিনারে নেয়া হয়। তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, শাফিন আহমেদসহ সংগীত ভুবনের অনেক তারকা। এ ছাড়া রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা ও শমী কায়সার।
সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহশিল্পী, বন্ধু, স্বজন, ভক্তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন শহীদ মিনারে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন।
শহীন মিনার থেকে তার মরহেদ নেয়া হবে জাতীয় ঈদগাহে। বাদ জুমা সেখানে তার প্রথম জানাযা হবে। পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজাহবে চ্যানেল আই প্রাঙ্গণে।
শনিবার তার মরদেহ নেয়া হবে জন্মস্থান চট্টগ্রামে। সেখানে আরেকটি জানাযার পর মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে তাকে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে সকাল ৯টা ৫৫ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। মৃত্যুর আগে এ রকস্টারের বয়স হয়েছিল ৫৬ বছর। তাকে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ গিটারিস্ট বলা হয়ে থাকে।
আইয়ুব বাচ্চু চলে গেলেও তার গান, গিটারের ছয় তারের সুর বাঙালি শ্রোতাদের হৃদয়ে ধ্বনিত হবে আজীবন।
চার দশক বাংলাদেশের তরুণদের গিটারের মূর্ছনায় মাতিয়ে রাখা রকস্টারের বয়স হয়েছিল ৫৬ বছর। গিটার বাদনে তার খ্যাতি ছিল পুরো ভারতীয় উপমহাদেশেই।
আইয়ুব বাচ্চুর পরিবার সূত্রে জানা গেছে, তার এক ছেলে ও এক মেয়ে বর্তমানে দেশের বাইরে রয়েছেন। কানাডায় রয়েছেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার। তিনি পরিসংখ্যান বিষয়ে পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে। মেয়ে রাজকন্যা থাকেন অস্ট্রেলিয়ায়। আজ দুজনেই উড়ে আসছেন বাবাকে শেষ দেখা দেখতে।
গতকাল আইয়ুব বাচ্চুর আকস্মিক মৃত্যুর খবর শুনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
সংগীতাঙ্গনসহ সারা দেশে ও সামাজিকমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া।