বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানের ছাত্রকল্যাণ পরিচালক ড. অধ্যাপক মিজানুর রহমান।
ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘আমার মনে হয় না কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির কোনো প্রয়োজন আছে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। বুয়েটেও নিষিদ্ধ করা উচিত।’
কবে নিষিদ্ধ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে বসে লিখে দিলে কিংবা বলে দিলে হয়ে যাবে না।’ এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন অধ্যাপক মিজানুর।
বুয়েটের ভিসি কোথায় এমন প্রশ্ন করা হলে ছাত্রকল্যাণ পরিচালক জানিয়েছেন, তিনি নিজেও জানেন না।
ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।