
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের কোনোরকম আপসে না যেতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। উপজেলা নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতার ঘটনা যাতে না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এই নির্দেশনা দেন।
প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে, কিন্তু অনিয়মের সঙ্গে আপস করা যাবে না উল্লেখ করে নূরুল হুদা বলেন, ‘যদি কোনো রিটার্নিং অফিসার মনে করেন যে তার পক্ষে উপজেলায় নির্বাচন করার পরিবেশ নেই, তাহলে তিনি সেটা বন্ধ করে দেওয়ার সুপারিশ করবেন। কমিশন সেটা বন্ধ করে দিতে পারবে। কিন্তু নির্বাচনে কোনো রকম অনিয়মের সঙ্গে আপস করা যাবে না।’
সিইসি বলেন, মানুষ ভোট দেবে। ভোটারের পছন্দের প্রার্থী বিজয়ী হবে। প্রার্থী কোন দলের, কোন ধর্মের, কোন বর্ণের সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। ভোটার যাকে যোগ্য মনে করবেন তিনিই হবেন তাদের নির্বাচিত প্রার্থী।