Thursday, September 3

কোপায় ভাগ্য বদলাতে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন

0

সেই ১৯৯৩ সালে অস্কার রুগেরির হাত ধরে শেষবার ট্রফি তুলে ধরেছিল আর্জেন্টিনা। এরপর আর ছুঁয়ে দেখা হয়নি ট্রফি। শেষ দুইবার সুযোগ হলেও কপাল গুনে একই প্রতিপক্ষের কাছে তাও হাতছাড়া। সেই দুইবারই অধিনায়ক বিশ্বসেরা লিওনেল মেসি। দুইবারই পরাজয় পেনাল্টি শ্যুট আউটে।

তাই এবার নতুন করে শুরু করতে চায় আকাশি-নীল জার্সিধারীরা। দীর্ঘ ২৬ বছরের শিরোপা খরা মুছতে চায় তারা। জাতীয় দলের হয়ে মেসিকে অমরত্ব দিতে চায় আর্জেন্টিনার ফুটবল সংস্থা। হয়তো সেই আশাতেই জার্সিতে বদল আনল এএফএ। যদি জার্সি বদলের সঙ্গে ভাগ্যের বদলও হয়! শেষমেশ এই জার্সি পরে মেসিদের সাফল্য প্রাপ্তি হবে কি না এখনই বলা অসম্ভব।

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের ট্রফি ১৫টি। তাই এবারের আসর জিতে উরুগুয়ের সঙ্গে বসতে চায় মেসিরা। ১৪ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার জনপ্রিয় প্রতিযোগিতা কোপা আমেরিকা। ব্রাজিলের মাটিতে আয়োজিত হবে এবারের প্রতিযোগিতা।

১৯১৬ সাল থেকে আয়োজিত প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিলেও এবারের আসরে খেলবে ১৬টি দল। আর্জেন্টিনার প্রথম ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে ১৫ জুন। আর এবার কোপা আমেরিকায় একেবারে নতুন জার্সিতে দেখা যাবে মেসিদের।

জার্সির রঙে কোনও বদল আনা হয়নি। আকাশী নীল ও সাদা রঙের জার্সিতে নতুন ডিজাইন করা হয়েছে। এর আগে আর্জেন্টিনার জার্সিতে সাদা রঙের উপর আকাশী-নীল দাগ দেখা যেত। এবারও দাগগুলো রয়েছে। তবে সেগুলো আঁকাবাঁকা। এখনও এই জার্সি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি।

তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো এরই মধ্যে মেসিদের নতুন জার্সির ছবি বাজারে ছেড়ে দিয়েছ। তারা কোথা থেকে সেই জার্সির ছবি পেয়েছে সেটা বলা মুশকিল। তবে এবার কোপা আমেরিকায় মেসিরা কোন জার্সিতে খেলবেন, তা এখনও জানা হয়ে গিয়েছে সমর্থকদের।

১৯৯৩ সালে শেষবার কোপা জিতেছিল আর্জেন্টিনা। এর পর চারবার কোপা আমেরিকায় ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি মেসি-ম্যারাডোনার দেশের। একের পর এক ব্যর্থতার দায় নিয়ে অবসরেরও চলে যান মেসি। তবে আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, আসন্ন কোপা আমেরিকায় মেসিকে আবার দেখা যাবে আকাশী নীল-সাদা জার্সি গায়ে। দলে প্রতিভার ছড়াছড়ি। মেসি, আগুয়েরো, হিগুয়েইন, ডি মারিয়াদের মতো একের পর এক তারকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.