আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় খেলতে যাবে ভারত। ইতিমধ্যে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এক মন্তব্য করে তো ফেঁসে গেছেন অজি পেসার প্যাট কামিন্স! শেষ পর্যন্ত এর ব্যাখ্যাও দিতে হলো তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আসন্ন সিরিজ নিয়ে মন্তব্য করতে গিয়ে কামিন্স বলেন, আমার মনে হয়, কোহলি এখানে সেঞ্চুরি করতে পারবে না। সর্বশক্তি দিয়ে তাকে আমরা রুখব। এখানে আমরা ভারতকে হারিয়ে দেব।
সেই বক্তব্য নিয়ে ক্রিকেট মহলে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। অনেকের মতে, এই কথা ছুড়ে সরাসরি কোহলিকে অবজ্ঞা করেছেন কামিন্স।
এমনটি চাউর হওয়ার পর বিস্মিত হয়েছেন অজি স্পিডস্টারও। চটজলদি দিয়েছেন ব্যাখ্যা, কোহলি সম্পর্কে আমার মন্তব্যের ব্যাখ্যা শুনে অবাক হচ্ছি। আমি যা বলেছি। অনেকে এর উল্টো ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। আমি তো তার প্রশংসাই করেছি। কামনা করেছি, সে যেন আমাদের বিপক্ষে সেঞ্চুরি না পায়। তার ব্যাটে রান আসা মানে আমাদের ভরাডুবি। আর না এলে সহজে জিতে যাব। তার মানে এই নয় যে, তাকে অশ্রদ্ধা করেছি।