বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির আর নেই (ইন্না…রাজিউন)। আজ সোমবার সকালে রাজধানী ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৪ বছর।
শামিম কবিরের নেতৃত্বে ১৯৭৭ সালের জানুয়ারিতে সফরকারী এমসিসি দলের বিপক্ষে খেলে বিসিসিবি একাদশ। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটি ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ।
এমসিসির বিপক্ষে খেলার আগে যে ৪৫ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প আয়োজিত হয়েছিল, তাতে শামিম কবিরের নাম প্রথমে ছিল না। কারণ তিনি তার আগেই খেলা প্রায় ছেড়ে দিয়েছেন। প্রাথমিক স্কোয়াডে নাম না থাকলেও তিনিই নাটকীয়ভাবে অধিনায়ক হয়ে যান। তাঁর ক্রিকেটীয় প্রজ্ঞার ওপর সে সময়কার সংগঠকেরা শেষ পর্যন্ত আস্থা রেখেছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যা যা করা প্রয়োজন সব করা হবে।’
উল্লেখ্য, দুদিন আগেই জাতীয় ক্রিকেট দলের অসুস্থ সাবেক এ অধিনায়কের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছিল বিসিবি। সেই সাহায্য হাতে না নিয়েই অনন্ত পথে যাত্রা করলেন অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন, মনেপ্রাণে অভিজাত, সর্বজন শ্রদ্ধেয় সাবেক এ ক্রিকেটার।