Thursday, September 17

খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

0

খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ নেতা ও সমর্থকসহ ছয়জন হত্যাকাণ্ডের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থিত তিন সংগঠনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে।

সোমবার সকাল ৬টা থেকে অবরোধে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচও পুলিশি পাহারায় সকাল পৌনে ৯টায় খাগড়াছড়িতে পৌঁছায়।

সড়ক অবরোধে সহিংসতার আশঙ্কায় জেলা শহরের স্বনির্ভর, চেঙ্গী স্কয়ার, বাস টার্মিনাল, চেঙ্গী ব্রিজ, ফায়ার সার্ভিস এলাকাসহ একাধিক স্থানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে সকাল থেকে খাগড়াছড়ি শহরসহ কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

গত শনিবার এক প্রেস বিবৃতিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয়।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এমএম সালাউদ্দিন জানান, খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া জেলা শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং টহলও চলছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গত শনিবার (১৮ আগস্ট) সকালে খাগড়াছড়ির স্বণির্ভর এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলেতে ইউপিডিএফ সমর্থিত সংগঠনের ৩ নেতাসহ ৬ জন নিহত হন। এরপর বেলা ১১টার দিকে জেলা সদরের পেরাছড়ায় ইউপিডিএফ মিছিল বের করলে সেখানে সন্ত্রাসীরা হামলা চালায়, ওই সময় মারা যান আরও একজন। এসব হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই কর্মসূচি ডাকা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.