Tuesday, September 15

খালেদার পরবর্তী যুক্তিতর্ক আগামী বুধ ও বৃহস্পতিবার

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সপ্তমদিনের মতো যুক্তিতর্ক শেষ হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়। বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে আদালত নতুন করে দিন নির্ধারণ করেন আগামী বুধবার ও বৃহস্পতিবার।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া। বেলা ১১টা ৪২ মিনিট থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে। শুরুতেই খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী সপ্তম দিনের মতো যুক্তিতর্ক শুরু করেন। গত বুধবারও যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি।

এর আগে আদালতে যাওয়ার উদ্দেশে বেলা ১১টায় গুলশানের বাসভবন থেকে রওনা দেন খালেদা। আদালত ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ মোতায়েন করা হয় বিপুলসংখ্যক। স্ক্যানার বসিয়ে তল্লাশি করে ভেতরে ঢোকানো হয়েছে আদালতের প্রধান ফটকে।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান বাদেও মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান আসামীর তালিকায় রয়েছেন।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ছয়শ ৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ মামলাটি করে দুদক।

রমনা থানায় মামলাটি করা হয় ২০০৮ সালের ৩ জুলাই। আসামিদের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.