খালেদার সাজা বাতিলের দাবিতে বিএনপির গণঅনশন শুরু

0

দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে দলটি। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় নাট্যমঞ্চের সামনে এই অনশন শুরু হয়েছে, চলবে বেলা তিনটা পর্যন্ত।
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য দেন। এরপর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ অন্য নেতারা বক্তব্য দিতে শুরু করেন।
অনশন কর্মসূচিতে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ জানান, সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বেলা ৩টা পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। এর আগের দিন সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রীসহ চারজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা করেন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিশেষ জজ ড. আখতারুজ্জামান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.