খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে কোকোর স্ত্রী

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার পর তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগার থেকে বিএসএমএমইউতে হাসপাতালে নেয়া হয়।

এর আধা ঘণ্টা পর দুই মেয়েকে নিয়ে সেখানে উপস্থিত হন শর্মিলা। তারা গাড়ি থেকে নেমে কেবিন ব্লকে ঢুকতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপর হাসপাতাল প্রাঙ্গণে গাড়ির ভেতরেই কিছুক্ষণ অপেক্ষা করেন তারা। তখন তাদের ঘিরে জটলা করে ছিল জাতীয়তাবাদী মহিলা দলের একদল নেতাকর্মী।

সেখানে স্লোগান দেয়ার সময় চার-পাঁচজনকে আটক করে পুলিশ। এরমধ্যে হাসপাতালের পরিচালকের কক্ষে ঢোকেন কোকোর স্ত্রী-সন্তানরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকেও পুলিশ ফটকে আটকে দেয়। তবে বিএনপি নেতা ও খালেদার দুই আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া বিএসএমএমইউতে ঢুকতে পেরেছেন।

কেবিন ব্লকে ৫১২ নম্বর কেবিনে খালেদা জিয়া রয়েছেন বলে বিএসএমএমইউর কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে তাকে দেখতে গেছেন চার চিকিৎসক।

বিএসএমএমইউর কর্মকর্তা বলছেন, খালেদা জিয়ার এক্সরে ও রক্ত পরীক্ষা করা হবে। সেজন্য হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগে এক্সরে কক্ষ নং ১/এ এবং কেবিল ব্লকে প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষার করার কক্ষ প্রস্তত রাখা হয়েছে।

কিছু শারীরিক পরীক্ষার পর খালেদা জিয়াকে শনিবারই কারাগারে ফেরত নেওয়া হবে বলে বলে পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে। রায় ঘোষণার পর থেকেই বিএনপি নেত্রী বন্দি রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.