Saturday, September 12

খালেদা জিয়ার অনুপস্থিতিতেও চলবে বিচার

0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিচারিক আদালতে না আসায় তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে বিশেষ জজ আদালত যে আদেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে করা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে উপস্থিত না হলেও তার বিচার চলবে।
আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মো. কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারিক আদালতে বিচার চলতে আর কোনও বাধা নেই।
খালেদা জিয়ার পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরপর কয়েকদিন খালেদা জিয়া আদালতে না আসার পরিপ্রেক্ষিতে তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে বিশেষ জজ আদালত যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন আবেদনটি করা হয়। এর আগে গত ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান।
আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের একটি কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করে। ৫ সেপ্টেম্বর সেখানে আদালত বসে। এর আগে এ মামলার বিচার চলছিল পুরান ঢাকায় কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালতে। বর্তমানে খালেদা জিয়া আদালতের আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.