Saturday, August 29

খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

0

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সকাল ১০টার কিছু সময় পর খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। শুরুতে বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। আদালত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে এ আদেশ দেন।

এর আগে, সকাল ৯টায় আপিল বিভাগে দিনের কার্যক্রম শুরু হয়। এদিন সকালে বিএনপিপন্থি আইনজীবীরা আপিল বিভাগে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন। প্রবেশ পথে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনজীবীদের জানান, আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী যারা (মোট ৬১৩ জন), কেবল তারাই আদালতে প্রবেশ করতে পারবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এ অবস্থানের কারণে বিএনপিপন্থি অনেক আইনজীবীই আদালতে প্রবেশ করতে পারেননি।
আদালতের কার্যক্রম শুরু হলে বিএনপিপন্থি তালিকাভুক্ত আইনজীবীদের যারা আদালতে প্রবেশ করেছিলেন, তারা শুরুতেই আইনজীবীদের প্রবেশে বাধা দেয়ার বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। সিনিয়র আইনজীবী খন্দকার মাহমুদ হোসেন আদালতকে বলেন, আমাদের আইনজীবীরা আদালতে প্রবেশ করতে পারছেন না। এ বিষয়টির সমাধান করা প্রয়োজন। আজ শত শত পুলিশ আদালত এলাকায় অবস্থান নিয়েছে। কিন্তু আইনজীবীরা আদালতে প্রবেশ করতে পারছেন না।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, আমাদের দুই পক্ষের ৩০ জন করে আইনজীবীকে উপস্থিত থাকার সুযোগ দিন। পরে আপিল বিভাগ সিদ্ধান্ত দেন, বিএনপি ও রাষ্ট্রপক্ষের ৩০ জন করে আইনজীবী জামিন আবেদনের শুনানির সময় আদালতে উপস্থিত থাকতে পারবেন।

আদালত জানান, কার্যতালিকার ১২ নম্বর বিষয়টি (খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি) যখন আসবে, তখন পাঁচ মিনিট সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে দুই পক্ষের ৩০ জন করে আইনজীবী উপস্থিত হতে পারবেন আদালতে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.