Wednesday, September 2

খালেদা জিয়ার মুক্তিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান ফখরুলের

0

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার(৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীকে মুক্ত করতে হলে সংগঠনকে শক্তিশালী করে জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, প্রতিটি মামলাতেই তিনি জামিনযোগ্য বলে মন্তব্য করেন বিএনপি মহাসিচব। তিনি বলেন, এসব মামলায় অন্য যাদের নাম আছে, তাদের সবার জামিন হয়ে গেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটক রাখা হচ্ছে।
‘এর একটিই কারণ যে, দেশনেত্রী জনগণের কাছে গণতন্ত্রের মাতা হিসেবে অভিষিক্ত হয়েছেন। কারণ যখন দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই তিনি আপসহীনভাবে সামনে এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। এই ইতিহাস দেশবাসীর জানা।’

মির্জা ফখরুল আরও বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে ৯৮ হাজারের বেশি মামলা দেয়া হয়েছে, আসামির সংখ্যা ২৫ লাখের ওপরে। এভাবে তারা অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আজকে তারই আয়োজন তারা সম্পন্ন করেছে।
‘কিন্তু তারা জনগণের কাছে ধরা পড়ে গেছে, বিশ্ববাসীর কাছে ধরা পড়ে গেছে। গত যে নির্বাচন তারা করেছে, সেই নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, আগের দিন রাতেই তারা ভোট ডাকাতি করেছে।’

দেশের মানুষ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারিয়েছে, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সে জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.