দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমউদ্দিন সড়কের কারাগারে গেছেন বিএনপির তিন নেতা। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তারা নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে উপস্থিত হন, যেখানে এক মাত্র বন্দী হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। ২০ মিনিট অপেক্ষায় থাকার পর একজন কারা কর্মকর্তা এসে বিএনপি নেতাদের ফটকের ভেতরে নিয়ে যান।
এর আগে গত ১৯ এপ্রিল খালেদার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ফখরুলসহ এই তিন নেতা। তবে ১৫ মিনিট বসিয়ে রাখার পর কারা কর্তৃপক্ষ জানায়, দেখা হবে না।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ জানিয়ে আসা বিএনপি নেতারা পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে দলীয় নেত্রীকে চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানায়।
শনিবার কারাগারে যাওয়ার আগেও সংবাদ সম্মেলন করে একই দাবি জানান ফখরুল। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, চিকিৎসার অবহেলায় খালেদার অবস্থার অবনতি হলে তার দায় সরকারকে নিতে হবে।
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে থাকা ৭৩ বছর বয়সী খালেদার ঘাড়, হাত, পা মেরুদণ্ডে ব্যথা এবং চোখের সমস্যায় ভুগছেন বলে তার চিকিৎসকরা বলে আসছেন।
অন্যদিকে তার চিকিৎসায় বোর্ড গঠনের পর তার পরামর্শেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।