রাজধানীর খিলক্ষেতে একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। রোববার রাত সোয়া ১টার দিকে খিলক্ষেতে স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব। এতে একটি ওয়ান শুটারগান, দুটি শর্টগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের কথাও জানানো হয়েছে।
নিহতের নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র্যাব বলছে, তিনি একই সঙ্গে মাদক ও অস্ত্র ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন।
র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ জানতে পারে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ী খিলক্ষেত স্বদেশ প্রোপার্টি এলাকায় অবস্থান করছে। ওই খবরে র্যাব-১ এর একটি দল সেখানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র্যাব-১ সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এক র্যাব সদস্যসহ দুজনকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে র্যাব-১ সদস্য সিপাহী রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে ঝুঁকিমুক্ত উল্লেখ করে ছাড়পত্র দেয়া হয়। তবে মাদক ব্যবসায়ী মন্টুকে মৃত ঘোষণ করেন কর্তব্যরত চিকিৎসক।