খুলনার গল্লামারী এলাকা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটক নব্য জেএমবি’র সদস্য দুইজন নাম নূর মোহাম্মদ অনিক ও মো. মোজাহিদুল ইসলাম রাফি। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে গল্লামারী খোরশেদনগর এলাকায় হাসনাহেনা নামে চারতলা একটি ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। সেখান থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছে।
আজ শনিবার সকালে কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্বীকার করেছেন। মিডিয়া ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।