Monday, August 24

খুলনায় আমরণ অনশনে হাজারো পাটকল শ্রমিক, অসুস্থ ৪

0

নিয়মিত মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্টায়ত্ত ৯ পাটকলের হাজারো শ্রমিক আমরণ অনশন শুরু করেছেন। মঙ্গলবার বিকাল ৩টা থেকে শ্রমিকরা অনশন শুরু করেন। বুধবার সকালেও তা অব্যাহত রয়েছে।
বুধবার সকালে অসুস্থ চার শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শ্রমিকরা হলেন, প্লাটিনাম জুবিলি জুট মিলের হিরণ ও খায়ের এবং স্টার জুটমিলের বাবুল ও ক্রিসেন্ট জুটমিলের সুলতান।

এর আগে মঙ্গলবার বিকাল থেকে মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। আন্দোলনে থাকা পাটকলগুলো হচ্ছে, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও জেজেআই জুট মিল। কাঁথা-বালিশ, লেপ, কম্বল নিয়ে আমরণ অনশনপালনকারী শ্রমিকরা মঙ্গলবার তীব্র শীতের মধ্যে রাজপথে অনশন পালন করেন। শ্রমিকদের এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি থেকে না ফেরার ঘোষণাও দিয়েছেন তারা।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, প্রচণ্ড শীত ও ক্ষুধার কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। সমস্যা সমাধানে ঢাকায় মঙ্গলবার বৈঠক হলেও তার ফলপ্রসু না হওয়ায় শ্রমিকরা অনশন অব্যাহত রেখেছেন। যতই কষ্ট হোক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। তিনি জানান, শ্রমিকরা স্ব স্ব মিল গেটের সামনে এ কর্মসূচি পালন করছেন। জুট মিলগুলোতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.