নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগেই সভা স্থলের চেয়ার দখল কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রথম ধাপে আহত ২০ ও দ্বিতীয় ধাপে আহত ২৮ সর্বমোট ৪৮ জন আহত। এদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে ৮ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নেতাকর্মীরা ব্যাপক উত্তেজিত ছিলো, ইউনিয়ন পর্যায়ের কর্মীরা বিভিন্ন পয়েন্টে দুই পক্ষ নিয়ে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে, দুপুর ২টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সকালে সাড়ে ৯টার আগেই জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের অংশ ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থক ও নেতাকর্মীরা সভাস্থলের চেয়ার দখলের চেষ্টা করে।
এ সময় হলুদ টি-শার্ট পরা এমপি সমর্থিত উপজেলা সভাপতি বাবুল আখতারের কর্মী সমর্থকদের সাথে সাদা টি-শার্ট পরা জেলা আওয়ামী লীগের সভাপতি সমর্থক মেয়র তারিকুল ইসলামের সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধে। বৈঠা ও দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পরলে খোকসা ইউনিয়নের ক্লাবমোড়, তেল পাম্প, সভাস্থল, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে দুই দলের কর্মী সমর্থকরা লাঠি সোটা নিয়ে অবস্থান নেয়।
এছাড়া সভাস্থলে হামলায় আহত জেলা আওয়ামী লীগের সভাপতির ভাতিজা রবিন খান (২৮), জয়ন্তীহাজরা ইউপি সদস্য রহমত জোয়াদ্দার (৫৫) জয়ন্তীহাজরা ইউপি সদস্য মাহাতাব উদ্দিন (৫০) আমবাড়ীয়া ইউপি সদস্য জয়নাল মোল্লা (৪৫), শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৪৩), আকাশ (১৮), আছিব (১৬), উজ্জল (৪৮), সাগর (২৬), নয়ন (৩০), লিটন (৩০), জিহাদ (১৭), দুলাল (২৮), মতিন শেখ (৩৫), হজরত (৩২) এছাড়া অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। এছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার পর সভাস্থল ও গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নূরানী ফেরদৌস দিশা চিকিৎসাধীন আহতদের দেখতে যান।
পরে দুইটার দিকে ঢাকা কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাগণ সমাবেশে যোগদান করেন, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন, উদ্বোধক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলহাজ্ব রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, অনুষ্ঠানটি পরিচালনা করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বকারী নেতাকর্মীদের নাম ঘোষণা করেন।
সভাপতি মোঃ বাবুল আকতার, সহ-সভাপতি মোঃ রহিম উদ্দিন খান, সহ-সভাপতি মোঃ আরিফুল আলম তশোর, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, আল-মাসুম মোরশেদ শান্ত, এবং অহিদুল ইসলাম, খোকসা উপজেলা আওয়ামীলীগ নেতা বর্গ কে এক কাতারে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটি সুসংগঠিত কমিটি প্রদান করেন কেন্দ্রীয় কমিটির নেতা বর্গ। পরে নবনির্বাচিত নেতা বর্গদেড় স্থানীয় নেতাকর্মীরা ফুলেল মালা দিয়ে বরণ করেন।