খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পরিষদ চত্বরে বুধবার সকাল ১১ টার সময় উপজেলা শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দাদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা ভোগীদের উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উন্মুক্ত বাছাইপর্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যুথি, খোকসা থানা অফিসার ইনচার্জ মো মজিবুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ খান উপস্থিত ছিলেন ।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে ভাতাভোগীদের দ্বিতীয় দিনে আজ বুধবার দিনের বাছাই পর্বে শিমুলিয়া ইউনিয়নের বয়স্ক ভাতা পাবে ৪২ জন প্রতিবন্ধী ভাতা পাবে ১৪৬ জন বিধবা ভাতা পাবে ৬৩ জন।
এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যুথি স্থানীয় সাংবাদিকদের জানান, শিমুলিয়া ইউনিয়নের বাছাইপর্বে দ্বিতীয় দিনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে চাহিদার তুলনায় আমাদের ভাতাভোগীদের কার্ড দেওয়া সংখ্যা খুবই নগণ্য ছিল বলেও তিনি বলেন।
বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপজেলার প্রতিটা ইউনিয়নের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতেই সরকারের নির্দেশনায় এ বাছাই প্রক্রিয়া কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।