Friday, August 28

খোকার মরদেহ ঢাকায়

0

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে পৌঁছেছে। আজ সকাল সাড়ে ৮টা ২৮ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তার মরদেহ গ্রহণ করেছেন।

বিমানবন্দর থেকে খোকার মরদেহ জাতীয় সংসদ ভবনে নেয়া হবে। বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এই সংসদ সদস্যের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেয়া হবে শহীদ মিনারে। শহীদ মিনার থেকে বাদ জোহর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে নেয়া হবে।

নয়াপল্টনের জানাজা শেষে বিকেল ৩টায় খোকার মরদেহ নেয়া হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। সেখানে জানাজার পর মরদেহ নেয়া হবে তার নিজ বাসভবনে। পরে বাদ আসর ধুপখোলা মাঠে জানাজার পর জুরাইন কবরস্থানে বাবা-মা’র কবরের পাশে দাফন করা হবে সাদেক হোসেন খোকাকে।

সাবেক মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি গত ৪ঠা নভেম্বর সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহ্যাটনে মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সিটি করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।

ফলে বৃহস্পতিবার করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ থাকবে। তবে জরুরি সেবা এই ছুটির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.