Thursday, November 19

গণতন্ত্রের ভিতর থেকেই বাংলাদেশ সরকার জঙ্গি দমন করছে: ইনু

0

গণতন্ত্রের ভিতর থেকেই বাংলাদেশ সরকার জঙ্গিদের দমন করছে বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী এ সময় আরও বলেন বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে,তাই এই দেশে রাজাকারদের কোন ঠাঁই নাই। একটু দেরিতে হলেও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। বাংলাদেশ সরকার এখন তিনটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।

একটি হলো জঙ্গি উৎখাত করে শান্তি প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়টি হচ্ছে বৈষম্যমুক্ত উন্নয়নের চ্যালেঞ্জ। তৃতীয়টি হচ্ছে দলবাজি মুক্ত সুশাসনের জন্য চ্যালেঞ্জ। তিনি আরও বলেন বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সর্বাত্মক সহযোগিতা করছে বর্তমান সরকার। তাই শিল্প প্রতিষ্ঠানে মালিকপক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ সুবিধা দিতে হবে।

এ সময় তিনি আরও বলেন ৫৭ ধারায় কোন সাংবাদিক নির্যাতন ও দমন নিপীড়নের জন্য নয়,এটি সাইবার অপরাধ দমনের জন্য,সরকারের পক্ষ থেকে কোন সাংবাদিকের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হয়নি। জঙ্গিবাদের বিরুদ্ধে এ সময় তিনি সবাইকে সর্তক থাকার আহ্বান জানান।

পিকাড কমিউনিটি স্কুলে গার্মেন্টস এর শ্রমিকদের সন্তানের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০ জন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকাড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সায়ফুল ইসলামসহ আরও অনেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.