জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি, অধ্যাপিকা রেহেনা প্রধান মারা গেছেন। সকালে রাজধানীর মোহাম্মদপুর কেয়ার হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি ডায়াবেটিকসসহ নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।
তিনি বলেন, রেহেনা প্রধান ডায়েবেটিকসসহ নানা রোগে ভুগছিলেন। সোমবার হঠাৎ করে বাসায় অসুস্থতাবোধ করলে তাকে কেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালেই তিনি মারা যান।
রেহেনা প্রধান মৃত্যুকালে এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদের সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিনী রেহানা প্রধান ১৯৭২ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। দীর্ঘ ১৩ বছর জাগপার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি ও ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাগপার সভাপতি নির্বাচিত হন।