Wednesday, September 2

গণফোরাম থেকে বহিষ্কার হলেন সুলতান মনসুর

0

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

তিনি আরো জানান, দল থেকে বহিষ্কারের পাশাপাশি সুলতান মনসুরের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। তবে গণফোরাম থেকে আরেক বিজয়ী মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বলেও জানান মন্টু।

আজ বৃহস্পতিবার বিকেলে এসব কথা জানান গণফোরামের এ সাধারণ সম্পাদক।

এর আগে বেলা ১১টায় সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে এমপি হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন। তিনি একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে।

শপথ গ্রহণের পর সংসদ সদস্য সুলতান মনসুর জানান, জোটের শীর্ষ নেতাকে জানিয়েই শপথ নিয়েছেন তিনি।

জোটের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়ার কারণে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে কী করবেন জানতে চাইলে সুলতান মনসুর বলেন, সব কথার উত্তর দেব না, এ কারণে যে জাতীয় ঐক্যফ্রন্টের সেসব সিদ্ধান্তের সময় আমি ছিলাম, আমিও ঐক্যফ্রন্টের প্রতিনিধি।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। তারা তাদের সিদ্ধান্ত নেবেন আমি আমার ভূমিকা পালন করব। দল হিসেবে তারা সিদ্ধান্ত নিতেই পারেন। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকুন। আর আমার ভূমিকার অপেক্ষায় থাকেন।

প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয়। এই ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। অথচ তার দলের একজন প্রতিনিধি ঐক্যফ্রন্ট ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছেন। এ নিয়ে জোট নেতাদের চাপে আছেন ড. কামালও। তাই এ বিষয়ে দেরি না করে গণফোরাম দ্রুত সিদ্ধান্ত নিল।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকে। ধানের শীষ প্রতীকে নির্বাচিত অপর পাঁচ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.