দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে আর এ ভাইরাসটিতে একদিনে নতুনভাবে শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭ আর আক্রান্তের সংখ্যা ১৬৪ জন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইনে বুলেটিনে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টা আরও ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পরে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে কেউ সুস্থ হননি। অর্থাৎ করোনায় সুস্থ রোগীর সংখ্যা ৩৩-ই আছে।
আইইডিসিআর পরিচালক জানান, আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১৩ জন। নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১ জন। ২ জন ঢাকার, ৩ জন ঢাকার বাইরের।
ডা. আবুল কালাম আজাদ জানান, অন্যান্য দিন এই অনুষ্ঠানকে আইইডিসিআরের অনলাইন প্রেস ব্রিফিং বলা হলেও এটিকে এখন থেকে দৈনন্দিন হেলথ বুলেটিন বলব আমরা। এখন থেকে আর গণমাধ্যমকর্মীদের কাছ থেকে কোনো প্রশ্ন গ্রহণ বা উত্তর দেয়া হবে না।