Saturday, November 14

গাইবান্ধায় বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র,যমুনা, তিস্তা, করতোয়া, ঘাঘট, বাঙালীসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিচু চরাঞ্চলগুলো ডুবে গেছে। বিশেষ করে  সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে। ফলে চরের নিচু জমিগুলোতে চাষ করা উঠতি পাট, আউশ ধান ও শাক-সবজি পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ.কা.মো. রুহুল আমিন জানান, পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের উঠতি ফসলের কিছু জমি তলিয়ে গেলেও পানি নেমে গেলে তেমন কোন ক্ষতি হবে না। তবে পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষতির আশংকা থেকে যাবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, গত কয়েকদিন ধরে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে সবগুলো নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। ভারতের গজলডোবা সুইস গেট খুলে দেয়ার ফলেই এই পানি বৃদ্ধির অন্যতম কারণ বলে তিনি মন্তব্য করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.