কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে চার কিশোর নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া ইউনিয়নের দড়িচরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কটিয়াদী পৌরসভার চারিয়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে সাব্বির হোসেন (১৭), আয়াত উল্লাহর ছেলে মাসুম (১৫), কামাল হোসেনের ছেলে দীপু আহমেদ (১৭) ও নজরুল ইসলামের ছেলে অন্তর আলী (১৫)।
নিহতদের মধ্যে সাব্বির ও দিপু বোয়ালিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষ এবং মাসুম ও অন্তর বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
কটিয়াদী থানার ওসি মো. জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বুধবার রাতে কটিয়াদী থেকে একটি মোটরসাইকেলে চড়ে বাড়ি যাচ্ছিল চার কিশোর। পথে দড়িচরিয়াকোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন।
আহত অন্তরকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহগুলো জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।