Tuesday, September 15

গাজীপুরে ক্লিন সিটি গড়তে উচ্ছেদ অভিযান শুরু

0

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার অংশ হিসেবে মহাসড়কের দু’পাশে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

১৯ সেপ্টেম্বর বুধবার সকালে চান্দনা চৌরাস্তায় প্রথম পদক্ষেপ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও গাজীপুর মেট্রোপলিন পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।

এর আগে মহাসড়ক থেকে দোকানপাট সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়। ব্যবসায়ীরা যাতে বৈধভাবে ব্যবসা করতে পারেন সেজন্য বিনা জামানতে সিটির পক্ষ থেকে আলাদা মার্কেটের ব্যবস্থা করার ঘোষণা করেন মেয়র জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি বলেন, গাজীপুরকে গ্রিন এবং ক্লিন সিটি গড়ার জন্য মহাসড়কে কোনোভাবেই ময়লা আবর্জনা রাখা যাবে না, যানজট করা যাবে না। এজন্য অবৈধভাবে ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। এসব ব্যবসায়ীরা যেন বৈধভাবে ব্যবসা করতে পারেন সেজন্য বিনা জামানতে সিটির পক্ষ থেকে আলাদা মার্কেটের ব্যবস্থা করা হবে।

নবনিযুক্ত জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, গাজীপুরে অনেকগুলো সমস্যার মধ্যে যানজট একটি অন্যতম সমস্যা। যানজট আমাদের জন্য এক বড় অভিশাপ। এজন্য এই মুহূর্তে আমাদের কিছু করণীয় আছে। অবৈধ ফুটপাত দখল ও রাস্তা দখল, যত্রতত্র গাড়ি পার্কিং করাসহ বেশকিছু সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি।

উচ্ছেদের খবর পেয়ে অভিযানের আগেভাগেই অনেক দোকানদাররা নিজ উদ্যোগে তাদের দোকানপাট সরিয়ে নেন। এলাকাবাসী সিটির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে যানজট নিরসনে অভিযান চলমান রাখার দাবি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.