Friday, November 6

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় নাঈম টেক্সটাইল ও একই ভবনের এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে কারখানায় কর্মরত অন্তত ১১ শ্রমিক দগ্ধ হয়েছে।

১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এই অগ্নিকান্ড ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুনে দগ্ধ ১১ শ্রমিকের পরিচয় জানা যায়নি। দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার শ্রমিকদের বরাত দিয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফঁড়ির এসআই সাইফুল আলম জানান, ওই কারখানাটি নাঈম টেক্সটাইল মিল হিসেবে চলছিল। পরবর্তীতে এখানে বিভিন্ন প্রকার কসমেটিক্স তৈরি করা হয়। ওই কারখানায় বিকালে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে কারখানায় ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দৌড়ে কয়েকজন বের হয়ে গেলেও বেশ কয়েকজন শ্রমিক কারখানায় আটকে পড়ে দগ্ধ হন।

তিনি বলেন, এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহায়তায় এ পর্যন্ত ১১ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে কিছু অংশ পুড়ে গেছে। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য নাজমা বেগম জানান, দগ্ধ শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.