Saturday, September 19


গাজীপুরে বাস চাপায় গার্মেন্টসের এক নারী কর্মী নিহত, বাসটিতে অগ্নিসংযোগ ক্ষুদ্ধ জনতার

0

শনিবার রাতে গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে গার্মেন্টসের এক নারী কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ গার্মেন্টস কর্মী ও পথচারীরা বাসটি আটক করে অগ্নিসংযোগ করেছে। নিহতের নাম মনোয়ারা খাতুন (২২)। তার বাড়ি শেরপুর জেলায়। মনোয়ারা স্থানীয় ক্যাপিট্যাল ডিজাইন কারখানার কর্মী।

এলাকাবাসি ও পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকার ক্যাপিট্যাল ডিজাইন গার্মেন্টস কারখানার কর্মী মনোয়ারা খাতুন শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কারখানা থেকে বাসায় যাচ্ছিল। পথে বর্ষা সিনেমা হলের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বসুমতি পরিবহনের ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে।

এদিকে শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা সড়কের উপর বাসটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এঘটনায় মহাসড়কের একপাশে (ঢাকাগামী) যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘন্টা পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, আগুনে বাসটির ভেতরের সিটগুলোসহ উপরের অংশ পুড়ে গেছে। তবে কেউ দগ্ধ হয়নি।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.