Wednesday, August 5

গাজীপুরে বিক্ষোভ থেকে কারখানায় ঢুকে হামলাচেষ্টা, আটক ৬

0

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভ করেছে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তারা আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি ও কারখানা ভাঙচুরের চেষ্টা করায় ছয় জনকে আটক করা হয়।আটকরা হলেন খোকন মিয়া, সোহাগ মিয়া, নাজমুল মিয়া, উজ্জ্বল হোসেন, শাকিল আহামেদ ও মোবারক হোসেন । কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কারখানার শ্রমিকরা রোববার সকালে মজুরি ন্যূনতম সাড়ে ১২ হাজার, হাজিরা বোনাস ৮০০ টাকা, সাধারণ ও বার্ষিক ছুটিসহ ১২ দফা দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ করে। একপর্যায়ে তারা কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

সেই ধারাবাহিকতায় সোমবার সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সকাল ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কিছু শ্রমিক কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর করার চেষ্টা করেন।এ সময় শিল্প পুলিশ, থানা–পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে শ্রমিকদের ধাওয়া দেন। কারখানায় অবৈধ প্রবেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয় জনকে আটক করা হয়। কারখানার শ্রমিক আব্বাস উদ্দিন বলেন, কারখানাটিতে পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। তাদের সর্বনিম্ন বেতন দেওয়া হয় আট হাজার টাকা। এই টাকায় ঘরভাড়া আর খাওয়া-দাওয়া হয় না। তাই অনেক দিন ধরেই তারা সর্বনিম্ন বেতন সাড়ে ১২ হাজার করার দাবি জানিয়ে আসছেন। তবে মালিকপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না। গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষণার পরও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করছিলেন। এ জন্য সেনাবাহিনীর সদস্যরা ছয় জনকে আটক করেছেন। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.