গাজীপুর ও খুলনায় ৫ টি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরে ৩ টি স্কুলে ও খুলনায় ২ টি স্কুলে আগুন দেয়া হয়েছে। গাজীপুরে মহানগরের ওয়্যারলেস গেট এলাকায় টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, ভোটকেন্দ্র কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ভোটকেন্দ্র ভেবে একটি স্কুলে আগুন দেয়া হয় তাতে বিদ্যালয়ের লাইব্রেরির একটি কক্ষ পুড়ে গেছে। অপরদিকে খুলনার রূপসায়ও একটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা ভোট কেন্দ্র ভেবে অগ্নিসংযোগ করে। এতে বিদ্যালয়ের লাইব্রেরির একটি কক্ষ পুড়ে যায়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, অগ্নিকাণ্ডে বিদ্যালয়টির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ওই বিদ্যালয়টি ভোট কেন্দ্র নয় বলেও জানান তিনি। অপরদিকে, খুলনা রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেরাসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর গণমাধ্যমকে বলেন, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করেছিল। তবে নৈশ প্রহরীর চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরে টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, রাত সোয়া ১টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাতের কোনো এক সময় বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে টিঅ্যান্ডটি হাইস্কুলের শ্রেণি ও অফিসকক্ষসহ ৯টি কক্ষ ও কক্ষে থাকা কম্পিউটার-টিভি ছাড়াও বইপত্রসহ বিভিন্ন মালামাল এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলমারিতে থাকা বইপত্রসহ, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা কিছু নতুন বই ও শিক্ষা উপকরণ সামগ্রী পুড়ে গেছে। পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গণমাধ্যমকে জানান, রাত ২টা ৪০ মিনিটে বিদ্যালয়ের নাইট গার্ড মো. আফাজ উদ্দিন স্কুলে অগ্নিকাণ্ডের খবর জানান। পরে তিনি স্থানীয় ফায়ার স্টেশনসহ এলাকার লোকজনকে খবর দিয়ে স্কুলে গিয়ে আগুন দেখতে পান। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একে একে বিদ্যালয়ের ৯টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৯টি কক্ষ, কক্ষে থাকা ৪টি কম্পিউটার, ৫টি ট্যাব, একটি ৫৬ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ৪টা আলমারি, ১৫টি ওয়াল ক্যাবিনেটসহ বিভিন্ন জরুরি কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান গণমাধ্যমকে বলেন, রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিস কক্ষ, শিক্ষা উপকরণ সামগ্রী পুড়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।