বাংলাদেশিদের মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি আলোচিত ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি সম্প্রতি বেশি আলোচিত হচ্ছেন আলোচিত অভিনেতা হিরো আলম।
পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল সার্চ সে কথাই বলছে।
বাংলাদেশের সার্চ ট্রেন্ড গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার দেশভিত্তিক ও দুনিয়াব্যাপী গুগল সার্চ ট্রেন্ড প্রকাশ করা হয়েছে।
গুগল বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। এর মধ্যে বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘মুভিজ’—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করা হয়েছে। গুগল প্রকাশিত এই ট্রেন্ডের মধ্যে ‘পিপল’ অংশে ১০ জনের নামের তালিকা দেয়া হয়েছে।
সেই তালিকা দেখলে অনেকেই অবাক হবেন। তালিকায় বাংলাদেশিদের মধ্যে দুজন জায়গা পেয়েছেন। তারা হলেন-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আলোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তালিকায় কারাবন্দি খালেদা জিয়া আছেন ৯ নম্বরে। তার পরের অবস্থান হিরো আলমের।
এ বছর খালেদা জিয়ার মামলার রায়ের বিষয়টি আলোচিত ছিল। বিএনপি চেয়ারপারসন একাধিক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। সপ্তাহে দু’তিন দিন তাকে বিভিন্ন মামলায় আদালতে নেয়া হয়। তাই ২০১৮ সালে খালেদা জিয়ার মামলার রায়ের বিষয়টি ছিল সবচেয়ে বেশি আলোচিত।
এ ছাড়া হিরো আলমকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ও ভারতের মিডিয়াগুলো খবর প্রকাশ করায় তিনি আলোচিত ছিলেন। সম্প্রতি বগুড়া থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েও আলোচনায় এসেছেন তিনি।
তালিকার ১ থেকে ৮ নম্বর পর্যন্ত বিদেশি তারকাদের নাম। তালিকায় ২ নম্বরে আছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। ভারতের ১৮ বছর বয়সী প্রিয়ার প্রথম ছবি ‘অরু আদার লাভ’-এর একটি গান প্রকাশ পাওয়ার পরই ইন্টারনেটে তা ভাইরাল হয়। মাত্র ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপিং মাতিয়ে রাখে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম। তালিকায় ৩, ৪, ও ৫ নম্বরে আছেন মেগান মার্কেল, মিয়া খলিফা ও সানি লিওন। মেগান মার্কেল ব্রিটিশ রাজবধূ। মিয়া খলিফা ও সানি লিওন পর্নো তারকা। তালিকার ছয়ে আছেন ফ্রান্সের ফুটবল সেনশেসন কিলিয়ান এমবাপ্পে। এরপর আছেন আরেক পর্নো তারকা মিয়া মালকোভা। তালিকায় ৮ নম্বরে আছেন বলিউড তারকা প্রিয়াঙ্কার বর নিক জোনাস। তাঁদের বিয়ে এ বছরজুড়ে আলোচিত ছিল।
বাংলাদেশ থেকে এ বছর শীর্ষ ১০টি সার্চের মধ্যে রয়েছে ক্রিকবাজ, ওয়ার্ল্ড কাপ, এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, লাইভ ফুটবল, আইপিএল, এশিয়া কাপ, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, ফোরএক্স ব্রুয়েরি ব্রিসবেন ও বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া।
২০১৮ সালে বাংলাদেশ থেকে সার্চ হওয়া শীর্ষ ১০টি মুভি হচ্ছে ‘থাগস অব হিন্দুস্তান’, ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘বাগি ২’, ‘সাঞ্জু’, ‘ব্ল্যাক প্যানথার’, ‘দ্য নান’, ‘হেট স্টোরি ৪’ ও ‘ভেনম’।
২০১৭ সালের তুলনায় এ বছর বাংলাদেশে সার্চ ট্রেন্ডে পার্থক্য চোখে পড়ে। এ বছর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও দেশের আলোচিত বিষয়গুলোই গুগলে সার্চ হয়েছে বেশি। গত বছর বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছিল গুগল। এর মধ্যে ‘পিপল’ অংশে শীর্ষে ছিলেন সাবিলা নূর। তারপর ছিলেন মার্কিন মডেল মিয়া খলিফা। তিন নম্বরে ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপরই ছিলেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ছিলেন পাঁচ নম্বরে। সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিল। তারপর ছিলেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। পরের অবস্থানে বাংলাদেশি ইউটিউবার তৌহিদ আফ্রিদি। অভিনেত্রী শবনম বুবলীকেও খুঁজেছিল বেশি। তিনি ছিলেন নয় নম্বরে। এ ছাড়া দশম স্থানে ছিলেন সংগীতশিল্পী আতিফ আসলাম।
‘সার্চেস’ বিভাগে সবচেয়ে বেশি খোঁজা হয়েছিল তির, ‘জাগ্গা জাসুস’, ‘দঙ্গল’, আইপিএল, এসএসসি রেজাল্ট, মুন্না মাইকেল, হাফ গার্লফ্রেন্ড, ডব্লিউডব্লিউই এক্সট্রিম রুলস, রাবতা ও বিপিএল।
‘নিউজ’ বিভাগে খোঁজা হয়েছিল শিবাত্রি অ্যাসল্ট, জেএসসি কোয়েশ্চেনস, রোহিঙ্গা, আর্জেন্টিনা সাবমেরিন, বাংলাদেশি সেক্স অফেন্ডারস, একটি বাড়ি একটি খামার, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, দুর্গাপূজা, চিকুনগুনিয়া, সাইক্লোন মোরা। এ বছর এ বিভাগে তথ্য প্রকাশ করেনি গুগল।
এ বছর বৈশ্বিক স্তরে শীর্ষ যে পাঁচটি বিষয় মানুষ বেশি গুগলে খুঁজেছে, সেগুলো হলো ওয়ার্ল্ড কাপ, এভিসি, ম্যাকমিলার, স্ট্যানলি ও ব্ল্যাক প্যান্থার। শীর্ষ পাঁচ খবরের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড কাপ, হারিকেন ফ্লোরেন্স, মেগা মিলিয়নস রেজাল্ট, রয়্যাল ওয়েডিং ও ইলেকশন রেজাল্টস। শীর্ষ পাঁচ ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছে মেগান মার্কেলের নাম। এরপর রয়েছেন ডেমি লোভাটো, সিলভেস্টার স্ট্যালোন, লগান পল ও কোহল কার্দাশিয়ান।