Sunday, September 6

গোপালগঞ্জে নিহত ৫ যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের পরিবারে চলছে শোকের মাতম

0

এম শিমুল খান, গোপালগঞ্জ : খুলনার রূপসা ব্রীজ এলাকায় রোববার রাতে সড়ক দূর্ঘটনায় নিহত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতার পরিবারে চলছে এখন শোকের মাতম। সড়ক দূর্ঘটনার খবর গোপালগঞ্জে এসে পৌছালে নিহতদের পরিবার ও রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। স্তব্ধ হয়ে ওঠে গোটা গোপালগঞ্জ শহর। স্বজন হারানোর আহজারী ও কান্নায় ভারী হয়ে নিহতদের বাড়ী ও আশপাশের এলাকা।

জানা গেছে, রোববার বন্ধু সাদিকের সদ্য কেনা প্রাইভেট কারে খুলনায় বেড়াতে যান পাঁচ বন্ধু। রাত পৌনে ১২টার দিকে খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ফেরার পথে রূপসা ব্রীজের কাছে লবনচরা এলাকায় পৌছালে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে প্রাইভেট কারটির মুখোমূখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচ বন্ধু।
নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক বাবু (২৬), সদর থানা যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম (৩২), জেলা ছাত্রলীগের উপ-ছাত্র উপ বৃত্তি বিষয়ক সম্পাদক গাজী ওয়ালিদ মাহমুদ উৎসব (২৫), জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ ও সদর উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অনিমূল ইসলাম (২৪)। নিহতদের বাড়ী গোপালগঞ্জ জেলা শহরের সবুজবাগ, থানাপাড়া ও গেটপাড়া এলাকায়।
শহরের থানাপাড়ায় গিয়ে দেখা যায়, দূর্ঘটনায় নিহত গাজী ওয়ালিদ মাহমুদ উৎসবের পরিবারে চলছে এখন শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় গোটা পরিবার। স্বজনদের আহাজারী আর কান্নায় থানাপাড়া এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। উৎসব জেলা আওয়ামীলীগ নেতা গাজী মিজানুর রহমান হিটুর ছেলে ও প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান লিকুর বড় ভাইয়ের ছেলে।
সোমবার বাদ জোহর শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল স্টেডিয়ামে পাঁচ যুবলীগ ও ছাত্রলীগ নেতার জানাজা অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলা ও শহরের আশপাশ থেকে লোকজন জড়ো হচ্ছেন। জানাজা শেষে আজকেই তাদের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.