গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ব্যাপারে কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সেবা গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরিতমুখী একটি সিমেন্টভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং ২০ জন যাত্রী আহত হয়। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।