দেশের প্রথিতযশা সাংবাদিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হলো।
শেখ হাসিনা বলেন, দেশের সব প্রগতিশীল আন্দোলনে গোলাম সারওয়ার অংশগ্রহণ করেন। দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তিনি সব সময় সোচ্চার ছিলেন। তিনি বলেন, গোলাম সারওয়ার সাংবাদিকদের ন্যায় সঙ্গত অধিকার আদায় এবং দাবি বাস্তবায়নের সকল আন্দোলনেও জড়িত ছিলেন।
প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহিত্যে গোলাম সারওয়ারের অবদান বাংলাদেশের জনগণ চিরকাল মনে রাখবে।’
রাষ্ট্রপতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাম সারওয়ার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সালেহা সরওয়ার, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।