Thursday, July 30

ঘূর্ণিঝড় ‘ইরমা’র আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি

0

ঘূর্ণিঝড় ইরমার কারণে ক্যারিবীয় দ্বীপগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশে ঝড়ে অন্তত একজন নিহত হয়েছে আর দেশটির প্রায় ৯০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, সেন্ট মার্টিন ও সেন্ট বার্টসে ক্ষতির মাত্রাটা ব্যাপক। ইরমা শুরুতেই আঘাত হানে অ্যান্টিগুয়া ও বারবুডায়। তারপর যায় ফরাসিদের কাছে অবকাশ যাপনের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিন ও সেন্ট বার্টসের দিকে। এই দুটি দ্বীপে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার।

ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঝড়ের কারণে বন্যা হয়েছে এবং দ্বীপের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বারবুডায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বীকারও করেছেন অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জাস্টিন ব্রাউনি।

বারবুডায় ঝড়ের মধ্যে পড়া একজন জানান তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, “আমার পুরো বাড়ি একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল। সেই ঘরে আটকা পড়েছিলাম আমরা সাতজন।

আমরা সাহায্যের জন্য আর্তি করছিলাম আর খোদার কাছে প্রার্থনা করছিলাম। দমকলকর্মীরা আমাদের উদ্ধারে এগিয়ে এসেছিল। “
অ্যামেরিকার ফ্লোরিডার পশ্চিম এলাকা থেকেও অনেককে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ঝড়ের প্রভাবে সেখানে ব্যাপক ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে। ক্যাটাগরি-ফাইভ বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা এখন নর্দান ভার্জিন আইল্যান্ডের ওপর দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ঝড় হিসেবে ইরমাকে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার নাগাদ ঝড়টি পুয়ের্টোরিকো এবং ডমিনিক রিপাবলিক অতিক্রম করবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.