
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। সোশ্যাল মিডিয়ায় নায়ক শাকিব খান লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
চঞ্চল চৌধুরী লিখেছেন, আহারে চকবাজার। আহারে মৃত্যুর মিছিল। চকবাজার…শোকবাজার….।
নায়ক রিয়াজ লিখেছেন, ভাষা দিবসে ভাষাহীন আমি। গভীর সমবেদনা।
নিপূণ লিখেছেন, চকবাজারের সকল দুর্ঘটনাকবলিত পরিবারের প্রতি সমবেদনা। সরকারের কাছে অনুরোধ পুরান ঢাকাকে নতুন ঢাকা করার উদ্যোগ নেয়ার জন্য। তাহলে পুরান ঢাকার লোকজন আমাদের মতো নিশ্চিন্ত জীবন পাবে।
চিত্রনায়ক আরিফিন শুভ একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমরা স্বব্ধ, আমরা শোকাহত।
চিত্রনায়ক বাপ্পি চৌধুরী শোক জানিয়ে তার ফেসবুকে লিখেন, সারারাত ঘুমাতে পারিনি। আগুনে পুড়ে ৭০ জন মানুষের মৃত্যু। এ তালিকা বাড়ছে আরও। জীবন কতটা অনিরাপদ আমাদের। মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। ঢাকার চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি রইল সমবেদনা। আমাদের উচিত রাষ্ট্রের পাশাপাশি আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। জীবন নিরাপদ হোক…।
উপস্থাপিকা শ্রাবন্য তৌহিদা লিখেছেন, কী অদ্ভুত এক অবস্থা! এতোগুলো মানুষ আগুনে পুড়ে মারা গেলো.. কিছুই করা গেলো না….। এর আগেও হয়েছে নিমতলি এর ঘটনা…. রানা প্লাজার দূর্ঘটনা……. কী তুচ্ছ আমাদের জীবন! কী অসহায় আমরা!
এছাড়া সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন জয়া আহসান, পূর্ণিমা, জায়েদ খান, সাইমন সাদিক, ববি, মমসহ অনেকে।
উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ২০০ কর্মী একযোগে কাজ করে বুধবার রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন।
চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।