Saturday, August 8

চট্টগ্রামসহ সব বড় শহরে মেট্রোরেল হবে : প্রধানমন্ত্রী

0

চট্টগ্রামসহ সব বড় শহরে মেট্রোরেল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত জানান।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘শুধু ঢাকায় নয়, আগামীতে চট্টগ্রামেও প্রধানমন্ত্রী মেট্রোরেল নির্মাণের কথা বলেছেন। আমরা জানি, ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। আশা করি, দ্রুত সময়ে সংশ্লিষ্টরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প একনেক সভায় পাঠাবেন। আমরাও এটা অনুমোদন করে দেবো।’

তিনি আরও বলেন, ‘যেখানে বড় বড় শহর আছে, এ ছাড়া যে শহরে বিমানবন্দর আছে সেখানেও মেট্রারেল হতে পারে। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

উল্লেখ্য, একনেক সভায় আজ ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.