চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চাক্তাই এলাকায় শুটকির কোল্ড স্টোরেজে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় কোল্ড স্টোরেজ গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দেয়াল ধসে চারজন আহত হয়েছে। বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে চাক্তাইয়ের রাজাখালী রাস্তার মুখে জনতা হাজি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ১টা ১৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোণে আগুনের সূত্রপাত হয়।
রাত ২টার দিকে ভবনটির দেয়াল ধসে পড়েছে। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হয়েছে।