Saturday, August 29

চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে ৩ ব্যক্তিকে গণধোলাই!

0

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়েছেন তিন ব্যক্তি। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা একটি প্রাইভেটকারে আগুন দেয়। গতকাল মঙ্গলবার সকালে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ে আহতরা হলেন- চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আদুনগর গ্রামের আবদুল মালেকের বাড়ির মৃত রাজা মিয়ার ছেলে আবদুল মালেক (৬০), একই গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে নুরুল ইসলাম (৬০) ও একই থানার পদুয়া মৌলভীপাড়ার লালুর বাপের বাড়ির মৃত মো. ইসমাইলের ছেলে নুর কবির (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-১৩-৮৬৪০) ওই তিন ব্যক্তি উপজেলার ছিপাতলী ইউনিয়নে আসেন। অপরিচিত হওয়ায় তাদের দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় মানুষ তাদের এলাকায় আসার কারণ জানতে চাইলে ওই তিন ব্যক্তির কেউই সদুত্তর দিতে পারেননি। পরে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজনের মনে সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে উপস্থিত উত্তেজিত জনতা ওই তিন ব্যক্তিকে গণধোলাই দেয়।

ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু জানান, ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে ওই তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর পর তিনজনকে থানায় আনা হয়। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন। এ ছাড়া কেন তারা ওই এলাকায় গিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.