চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজায় সামনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৪ সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে মো. সোহেল (৩৫), তাঁর স্ত্রী বৃষ্টি আক্তার (৩০), তাদের দুই শিশুসন্তান সাবরিন (৫) ও সাবরুন (৩) এবং নিহত অপরজন অটোরিকশার চালক সুরুজ মিয়া (৫০)। স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তান ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশা চালক সুরুজ মিয়াকে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।
শনিবার দিবাগত রাত আনুমানিক রাত ১২টার দিকে টোল প্লাজার সামনে দাড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে দ্রুতগামী বাস পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- রাতে চট্টগ্রাম মহানগরীর একটি ক্লাব থেকে বিয়ের দাওয়াত খেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি কর্ণফুলী এলাকায় ফিরছিলেন সোহেল। রাত ১২টার দিকে তাদের সিএনজি অটোরিকশা কর্ণফুলী সেতু পা হওয়ার আগে টোল প্লাজার সামনে টোল পরিশোধ করতে দাড়ালে পিছন থেকে একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে ২ শিশু ও স্ত্রীসহ সোহেল ঘটনাস্থলে মারা যান। আহত সিএনজি চালককে হাসপাতলে নেয়ার পথে মারা যান।
পুলিশ ঘটনার জন্য দায়ী বাস ও একটি ট্রাক জব্দ করলেও দুটি গাড়ীর চালক ও সহকারীরা পালিয়ে যায় বলে জানান ওসি।