
চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন রেল গেট এলাকায় দুটি কলোনিতে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮১টি কাঁচা বসতঘর। শনিবার রাত ১০টার দিকে নগরীর অক্সিজেন রেলগেট এলাকায় দুটি কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন ।
তিনি বলেন, গতকাল রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
বায়েজিদ থানার এসআই শায়ের আলী জানান, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল বলে জানান এসআই।