প্রথম ম্যাচেই হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পুরো আসরে হার বলতে ওই একটিই। ছয় ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তামিম ইকবালের দল। আলৌকিক কিছু না হলে শেষ চারে ওঠাটা নিশ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বিপিএলের দুই পর্বে দলকে টেনে ওঠার ক্রিকেটারদের মুখে এখন হাসি। দারুণ খুশি টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রাম পর্বেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান তামিম-ইমরুলরা।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম-পর্ব। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। দুদিন আগেই সাগরিকার পাড়ে চলে এসেছে ভিক্টোরিয়ান্সরা। একদিন বিশ্রাম নিয়ে শুরু করেছে অনুশীলন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করেছেন শোয়েব মালিক-ডোয়াইন ব্রাভো-জস বাটলাররা।
শনিবার তৃতীয় পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। প্রতিপক্ষ রাজশাহী বলে জয়ের সম্ভাবনাটা কুমিল্লারই বেশি। সাত ম্যাচের মাত্র দুটিতে জিতেছে মুশফিক-স্যামির কিংসরা।
সর্বশেষ ম্যাচে হট ফেভারিট ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে কুমিল্লা। দলটির ব্যাটসম্যানরা আহামরি ভালো ফর্মে নেই। এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান বলতে ইমরুল কায়েস। ৬ ম্যাচে করেছেন ২০১ রান। এ ছাড়া বাটলার ১৫৬ ও মারলন স্যামুয়েলস করেছেন ১৫৩ রান। এই তিন ব্যাটসম্যানই টানছেন কুমিল্লাকে। শোয়েব মালিক যোগ দেওয়ায় ব্যাটিং শক্তি বেড়েছে।
কুমিল্লাকে বেশির ভাগ ম্যাচ জিতিয়েছেন বোলাররা। গত ছয় ম্যাচে প্রতিপক্ষের ৩০ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী-রশীদ খান-সানজামুল ইসলাম-ব্রাভো ও সাইফুদ্দিন। দলের সঙ্গে যোগ দিয়ে দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন হাসান আলী। বাকি দুই বোলার আল আমিন ও মেহেদী নিয়েছেন আরো পাঁচ উইকেট। সর্বমোট ৪১ উইকেট। প্রতি ম্যাচে গড়ে প্রতিপক্ষের সাত উইকেট নিয়েছেন কুমিল্লার বোলাররা। এত ভালো বোলিং বিভাগ নেই আর কোনো দলের।
দলের অন্যতম ভরসার জায়গা দুই আফগান স্পিনার রশীদ খান ও মোহাম্মদ নবী। গত ছয় ম্যাচের চারটিতে একসঙ্গে খেলে এই দুজন করেছেন ৩৭ ওভার। দিয়েছেন মাত্র ১৭৩ রান। প্রতি ওভারে রান দিয়েছেন ৪.৬৭! ভেবে দেখুন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কীভাবে বেঁধে রেখেছেন তাঁরা। এ ছাড়া ব্রাভো-সাইফুদ্দিন-সানজামুল কেউই প্রতি ওভারের সাতের বেশি রান দেননি। এই ধরনের বোলিং বিভাগ পেলে কোন দল ম্যাচের পর ম্যাচ জিতবে না বলুন? মেজাজ ফুরফুরে থাকতে আর কী লাগে!