
ছবি- নুরুল আজম, ন্যাশনালনিউজ২৪বিডি।
সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরও নিরাপদ সড়কের দাবিতে আজও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ব্যানার ফেস্টুন হাতে থাকা শিক্ষার্থীদের শ্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ।
বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার( ২ আগস্ট) সকাল সাড়ে দশটার পর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিতে শুরু করে শিক্ষার্থীরা।এরই মধ্যে জিইসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার, ওয়াসা এলাকায় কয়েকশ’ ছাত্র মিছিল করে রাস্তায় নেমে আসে।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে নগরীর দেওয়ান হাট থেকে বহদ্দারহাট সড়ক (এশিয়ান হাইওয়ে) যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ সময় তারা বেশ কিছু সিএনজি অটোরিকশা, বাসের লাইসেন্স দেখার জন্য চালকদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় সড়কে গাড়ি চলাচল একেবারে কমে যায়। অনেক গাড়ি আগের মোড়ে ঘুরিয়ে ঘুরপথে গন্তব্যে যেতে দেখা যায়। বিপুলসংখ্যক পুলিশ ছাত্রদের বুঝিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা গেছে।
চট্টগ্রামের ওয়াসা মোড়ে অবস্থান নেয়া এক শিক্ষার্থী জানান, আজ শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। তারপরও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা স্কুল ড্রেস পড়ে রাস্তায় নেমেছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান চট্টগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী আবির মাহমুদ।

ছবি- নুরুল আজম, ন্যাশনালনিউজ২৪বিডি।
এদিকে শিক্ষর্থীদের বিক্ষোভে আটকা পড়া চট্টগ্রামের রাঙ্গুুনিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান আবুল হাসনাত জানান, বহদ্দার হাট থেকে রওনা হয়ে দুই ঘন্টায়ও লালখান বাজারে পৌছতে পারিনি। শত শত ছাত্র যানবাহন থামিয়ে কাগজপত্র এবং চালকদের লাইন্সেস আছে কিনা দেখছে। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলার চেষ্টা করেও পারছে না। তবে তিনি ছাত্রদের এ আন্দোলনকে পজেটিভলি দেখছেন বলে জানান।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে বলে জানায়। সকাল ১০ টার পর ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কলেজ এর সামনে ও ভাটিয়ারী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ অবস্থান করছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। মহাসড়কে কোন ধরণের সমস্যা নেই।